লাবসায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ফ্রি ছানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত


লাবসা ইউনিয়ন প্রতিনিধি: সাতক্ষীরার ১৩ নম্বর লাবসা ইউনিয়নের দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ফ্রি ছানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গ্রামীণ চক্ষু হাসপাতালের উদ্যোগে এবং লাবসা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাফেজ মাওলানা মনোয়ার হোসেন মোমিনের সার্বিক ব্যবস্থাপনায় এ ক্যাম্পের আয়োজন করা হয়।

রবিবার (১৯ জুলাই) সকাল ৯টায় দেবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী এ বিনামূল্যের চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।



ক্যাম্পের ইনচার্জ ইমরান হোসেন জানান, ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত চার শতাধিক রোগীর চোখের বিভিন্ন সমস্যা বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে পরীক্ষা-নিরীক্ষা করা হয়। এর মধ্যে ৩২ জনকে বিনামূল্যে চশমা, ১৯ জনকে প্রয়োজনীয় ওষুধ এবং ৫৫ জনকে সম্পূর্ণ বিনামূল্যে ছানি অপারেশনের জন্য নির্বাচিত করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আবদুল খালেক। তিনি বলেন, “দৃষ্টিশক্তি মানুষের সবচেয়ে মূল্যবান সম্পদ। অনেক মানুষ অর্থাভাবে সময়মতো চিকিৎসা নিতে পারেন না। গ্রামীণ চক্ষু হাসপাতালের এ ধরনের উদ্যোগ সমাজের প্রান্তিক মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোও যদি এভাবে মানবিক উদ্যোগ নিয়ে এগিয়ে আসে, তাহলে অন্ধত্ব প্রতিরোধে আরও কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও সাবেক ছাত্রনেতা শহীদ হাসান এবং সদর উপজেলা জামায়াতের শুরা কর্মপরিষদের সদস্য ও লাবসা জামায়াতের তদারককারী মাওলানা শহীদুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লাবসা ইউনিয়ন জামায়াতের ভারপ্রাপ্ত আমির ডা. (ভিলেজ) হাফেজ আমিরুল ইসলাম। সভাপতির বক্তব্যে তিনি বলেন, “অন্ধত্ব প্রতিরোধে প্রাথমিক পর্যায়ে চোখের রোগ শনাক্ত করা অত্যন্ত জরুরি। গ্রামীণ চক্ষু হাসপাতাল দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন ইউনিয়নে বিনামূল্যে চক্ষু চিকিৎসা কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত রেখে প্রত্যন্ত অঞ্চলের মানুষকে উন্নতমানের চক্ষু চিকিৎসা সেবার আওতায় আনা সম্ভব হবে।”

ক্যাম্পে চিকিৎসাসেবা গ্রহণকারী রোগীরা বিনামূল্যে চিকিৎসা, ওষুধ ও চশমা পেয়ে সন্তোষ প্রকাশ করেন। তাদের অনেকেই জানান, অর্থের অভাবে দীর্ঘদিন চোখের চিকিৎসা করাতে পারেননি। এ ধরনের মানবিক উদ্যোগ তাদের জন্য বড় সহায়তা হিসেবে কাজ করেছে।

অনুষ্ঠানে স্থানীয় শিক্ষাবিদ, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি এবং সেবাগ্রহণকারী রোগীরা উপস্থিত ছিলেন। দিনব্যাপী ক্যাম্পটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়।

ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনা, সঞ্চালনা ও নিরাপত্তা তত্ত্বাবধান করেন লাবসা ইউনিয়ন জামায়াতের নায়েবে আমির ইউসুফ আল আজাদী, সেক্রেটারি এস এম মামুন হোসেন, সহকারী সেক্রেটারি আলহাজ কামরুজ্জামানসহ ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন