যাত্রীবেশী প্রতারকের খপ্পরে অটোভ্যান হারালেন কালুখালীর দরিদ্র চালক

 যাত্রীবেশী প্রতারকের খপ্পরে অটোভ্যান হারালেন কালুখালীর দরিদ্র চালক


মোঃ আমিরুল হক, জেলা প্রতিনিধিঃ


রাজবাড়ীর কালুখালী উপজেলার এক দরিদ্র অটোভ্যানচালক যাত্রীবেশী প্রতারকের খপ্পরে পড়ে তার একমাত্র উপার্জনের মাধ্যম অটোভ্যানটি হারিয়েছেন। এ ঘটনায় ফরিদপুরের মধুখালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী লুৎফর খান (৪০)।



অভিযোগ সূত্রে জানা যায়, লুৎফর খান রাজবাড়ীর কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের পাচুরিয়া গ্রামের শহাদত খানের ছেলে। দীর্ঘদিন ধরে অটোভ্যান চালিয়ে স্ত্রী-সন্তানসহ পরিবারের জীবিকা নির্বাহ করে আসছিলেন।


ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, শনিবার (১৮ জুলাই) সকাল আনুমানিক ১০টার দিকে কালুখালীর শিকজান এলাকা থেকে এক ব্যক্তি যাত্রী সেজে তার অটোভ্যানে ওঠেন। প্রথমে তিনি বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার কথা বললেও পথে মোবাইল ফোনে বিভিন্ন ব্যক্তির সঙ্গে কথা বলতে বলতে চালককে একের পর এক স্থান পরিবর্তন করতে বলেন।


পরে জামালপুর বাজার হয়ে ফরিদপুরের মধুখালী উপজেলার চর চন্দনা আমপাড়া এলাকায় পৌঁছে ওই ব্যক্তি জানান, এটি তার বাড়ির কাছাকাছি। তিনি বাড়ি থেকে একজনকে ডেকে আনার কথা বলে লুৎফর খানকে অটোভ্যানটি রেখে অপেক্ষা করতে বলেন। কিছুক্ষণ পর বাড়ি থেকে বের হয়ে আসা এক ব্যক্তি জানান, এটি ওই যাত্রীর বাড়ি নয়। এতে সন্দেহ হলে লুৎফর খান দ্রুত ঘটনাস্থলে ফিরে এসে দেখেন, তার অটোভ্যানটি আর সেখানে নেই। পরে তিনি বুঝতে পারেন, যাত্রীবেশী প্রতারক পরিকল্পিতভাবে কৌশল অবলম্বন করে তার অটোভ্যানটি নিয়ে পালিয়ে গেছে।


চুরি হওয়া অটোভ্যানটি সবুজ রঙের তিন চাকার, যার আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ৫৫ হাজার টাকা। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত অটোভ্যানটির কোনো সন্ধান পাওয়া যায়নি বলে জানান তিনি।


কান্নাজড়িত কণ্ঠে লুৎফর খান বলেন, "অটোভ্যানটিই ছিল আমার পরিবারের একমাত্র উপার্জনের মাধ্যম। এটি হারিয়ে আমি দিশেহারা হয়ে পড়েছি। এখন পরিবার নিয়ে কীভাবে চলব জানি না। প্রশাসনের কাছে আমার আকুল আবেদন, দ্রুত আমার অটোভ্যানটি উদ্ধার করে দেওয়া হোক।"


এ ঘটনায় মধুখালী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ভুক্তভোগী আশা প্রকাশ করেছেন, পুলিশ দ্রুত তদন্ত করে প্রতারককে শনাক্ত এবং তার চুরি হওয়া অটোভ্যানটি উদ্ধার করতে সক্ষম হবে।


স্থানীয়রা জানান, সাম্প্রতিক সময়ে যাত্রীবেশে প্রতারণার ঘটনা বাড়ছে। তাই অপরিচিত যাত্রী বহনের ক্ষেত্রে চালকদের আরও সতর্ক থাকার পাশাপাশি এ ধরনের প্রতারণা রোধে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি জোরদারের দাবি জানিয়েছেন তারা।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন