সাতক্ষীরায় জামায়াতে ইসলামীর দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত

 সাতক্ষীরা প্রতিনিধি:বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা সদর উপজেলার ১০ নম্বর আগরদাঁড়ী ইউনিয়নের উদ্যোগে দিনব্যাপী 'কর্মী শিক্ষা শিবির ২০২৬' অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জুলাই) সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত ইউনিয়ন জামায়াত কার্যালয়ে এই শিক্ষা শিবির সম্পন্ন হয়।



ইউনিয়ন আমীর মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-২ আসনের মাননীয় সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক। অনুষ্ঠানটি দক্ষতার সাথে পরিচালনা করেন ড. আজিজ আল হাসান ফুয়াদ।

প্রধান অতিথির বক্তব্যে মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, সৎ, যোগ্য ও দক্ষ নেতৃত্ব গঠনে কর্মী শিক্ষা শিবিরের গুরুত্ব অপরিসীম। দেশের চলমান পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে একটি ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণে জামায়াত কর্মীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোশাররফ হোসেন। এছাড়া অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন জামায়াতের জেলা সূরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা শাহাদাত হোসেন, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও সাবেক ইউনিয়ন চেয়ারম্যান শহীদ হাসান, সদর উপজেলা সহকারী সেক্রেটারি মুহাদ্দিস আলাউদ্দীন এবং সাতক্ষীরা সদর সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান।

দিনব্যাপী এই শিক্ষা শিবিরে কর্মীদের সাংগঠনিক ও নৈতিক মানোন্নয়নে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। সমাপনী বক্তব্যে সভাপতি মাওলানা মিজানুর রহমান সংগঠনকে আরও গতিশীল করতে এবং জনকল্যাণমূলক কাজে কর্মীদের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানান। অনুষ্ঠানে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বিপুল সংখ্যক নেতাকর্মী ও কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন